মাউন্ট মাউনগানুই: আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের সেরা সম্পদ তাদের বোলিং বিভাগ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ওয়ান ডে ম্যাচে তার প্রমাণ মিলেছিল বারবার। সোমবার সিরিজের তৃতীয় ওয়ান ডে’তে যেন তাতে শিলমোহর দিলেন ভারতীয় বোলাররা।
বে ওভালে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২৪১ রানেই গুটিয়ে গেল ব্ল্যাক-ক্যাপসরা। শামি-পান্ডিয়াদের দাপটে নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে গেল কিউয়িদের ইনিংস। দ্বিতীয়বার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ কব্জা করে নিতে ভারতের দরকার ২৪২।

এর আগে একাদশে একাধিক পরিবর্তন করে তৃতীয় ম্যাচে অভিযান শুরু করে ভারত। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ধোনির পরিবর্তে এদিন কিপিংয়ের দায়িত্ব বর্তায় দীনেশ কার্তিকের উপর৷ পাশাপাশি যাবতীয় বিতর্ক পিছনে ফেলে ক্রিকেটে ফিরলেন হার্দিক পান্ডিয়া৷ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছিলেন৷ এবার তৃতীয় ম্যাচে মাঠে নেমে পড়লেন ভারতীয় অল-রাউন্ডার৷ বিজয় শংকরের পরিবর্তে এদিন দলে ফিরলেন কোহলির দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার৷

পেস অ্যাটাকে শামি-ভুবনেশ্বরের যোগ্য ভরসা হয়েই অবতীর্ণ হলেন পান্ডিয়া। কামব্যাক ম্যাচে ১০ ওভারে ৪৫ রান খরচ করে তুলে নিলেন ২ উইকেট। সঙ্গে উড়ন্ত বাজের মত তালুবন্দি করলেন নিউজিল্যান্ড অধিনায়কের ক্যাচ। ৫৯ রানে এদিন প্রথম তিন উইকেট খুঁইয়ে বসে কিউয়িরা। এরপর চতুর্থ উইকেটে রস টেলর-টম ল্যাথামের ১১৯ রানের পার্টনারশিপ বড় রান গড়ার ইঙ্গিত দেয়। শতরান থেকে ৭ রান দূরে থেমে যায় টেলরের ইনিংস। অন্যদিকে অর্ধশতরান করেই (৫১) প্যাভিলিয়নে ফেরেন ল্যাথাম।

তবে চতুর্থ উইকেটের জুটিতে যে লড়াইয়ের ইন্ধন জুগিয়েছিলেন টেলর-ল্যাথাম। ভারতীয় বোলারদের সামনে শেষদিকে কিউয়িদের সেই লড়াই অনেকটাই ফিকে হয়ে যায়। ৩৮ ওভারে ল্যাথাম আউট হতে নিউজিল্যান্ডের কোনও পার্টনারশিপই আর বিশেষ লম্বা হতে দেননি ভুবনেশ্বর-শামিরা। শামি নেন সর্বোচ্চ তিন উইকেট। দু’টি করে উইকেট নেন ভুবনেশ্বর-পান্ডিয়া এবং চাহাল। তবে এদিন উইকেট ভাগ্য সহায় ছিল না গত দু’ম্যাচের নায়ক কুলদীপের।
টেলর-ল্যাথামের গড়ে দেওয়া মঞ্চে পুরো ওভার খেলার আগেই ধসে যায় নিউজিল্যান্ডের ইনিংস। মাত্র ৫২ রানে শেষ ছ’টি উইকেটের পতন হয় নিউজিল্যান্ডের। ৪৯ ওভারে ২৪১ রানে শেষ হয় ব্ল্যাক-ক্যাপসদের ইনিংস। তৃতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে টিম ইন্ডিয়ার ভরসা এবার নির্ভরযোগ্য ব্যাটিং লাইন-আপ।
The post সিরিজ কব্জা করতে বিরাটদের দরকার ২৪২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2sPn5u0
No comments:
Post a Comment