Sunday, June 10, 2018

তৃতীয় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: সরকারি চাকরি করেন৷ আর তা ভাঙিয়েই পর পর তিনটে বিয়ে৷ প্রথম দুই বউ অবশ্য বরাত জোরে পালিয়ে বেঁচেছেন৷ কিন্তু শেষ রক্ষা হয়নি তৃতীয় জনের৷ প্রাণটাই চলে গেল৷ এমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বালুরঘাট থানার পতিরামের বাসিন্দা দিবাকর ঘোষের বিরুদ্ধে৷ অভিযুক্ত গঙ্গারামপুর আবগারি দফতরের কর্মী৷ অভিযুক্ত পলাতক৷

স্থানীয়দের অভিযোগ, নীচাবন্দরের দিবাকর ঘোষ তাঁর তৃতীয় স্ত্রী অনন্যা রায় ঘোষকে (৩২) পিটিয়ে মারে৷ পরে নিজের দোষ ঢাকতে রাস্তায় ফেলে রেখে যায়৷ যাতে স্থানীয়দের সন্দেহ হয়, পথদুর্ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে৷ এর আগেও বধূ নির্যাতনের অভিযোগে জেলে গিয়েছেন এই দিবাকর৷ স্থানীয়দের কথায়, আগের দুই স্ত্রীকেও নির্যাতন করতেন এই ব্যক্তি৷

প্রতিবেশী পঙ্কজ দাসের কথায়, ‘‘তিন তিনটে বিয়ে করেছে দিবাকর ঘোষ৷ প্রথম স্ত্রীর বাড়ি ছিল কলকাতায়৷ বিয়ের পর সাতদিন পতিরামে থেকেছে৷ এরপর বাপের বাড়ি যায়৷ কিন্তু আর ফিরে আসেনি৷ হয়তো স্বামী অত্যাচার করবে সেই সন্দেহই করেছিল৷ তাই আর ফেরেনি৷ এরপর আরও একজনকে বিয়ে করে৷ হঠাৎ একদিন বাড়ির সামনে ওই বউকে মারধর শুরু করে৷ স্থানীয় কেউ পুলিশে জানায়৷ পুলিশ ধরেও নিয়ে যায়৷ কিন্তু সন্ধের মধ্যে ছাড়াও পেয়ে যায়৷ তারপর আবার এই বিয়ে৷ এরপর এই ঘটনা৷’’

স্থানীয়রাই জানায়, একবার ঘুষ নিতে গিয়েও হাতেনাতে ধরা পড়ে গিয়েছিল অভিযুক্ত সরকারি আধিকারিক দিবাকর ঘোষ৷ রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ অনন্যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন পথচারিরা৷ বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি, পতিরাম ফাঁড়ির পুলিশ৷ প্রাথমিক তদন্তে, অভিযুক্তর গাড়ির ভিতরে এবং বাগানে রক্তের দাগ দেখা গিয়েছে৷ পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে অনন্যাদেবীর মাথায়, মুখে আঘাত করা হয়৷

দিবাকর ঘোষের আরেক প্রতিবেশি অংশুমান বিশ্বাস বলেন, ‘‘আমরা গ্রামের সকলেই চাইছি এই ঘটনায় অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক৷ ভবিষ্যতে নীচাবন্দর এলাকার নামটা যেন আর না ডোবে৷ এখনও অবধি পুলিশের তদন্তে আমরা সন্তুষ্ট৷ ভবিষ্যতে দরকার পড়লে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব৷ প্রয়োজন হলে সিআইডি তদন্তও চাইব৷’’

তবে ইতিমধ্যেই এই ঘটনা ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷ স্থানীয়রাই জানান, দিবাকর ঘোষের বাড়িতে তাঁর মা, এবং এক শিশু সন্তান থাকে৷ কিন্তু সেই শিশুর পরিচয় কী তা স্পষ্ট করে বলতে পারেননি এলাকাবাসী৷ ঘটনার পর বাড়িও ফাঁকা৷ সবদিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ৷

The post তৃতীয় স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2McxTuZ

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez