Saturday, June 30, 2018

বিনা প্রতিদ্বন্দিতায় জেতা আসন নিয়ে কী রায় দেবে শীর্ষ আদালত?

স্টাফ রিপোর্টার, কলকাতা: এ যেন সেই ছোট গল্পের সংজ্ঞার মতো৷ শেষ হয়েও হইল না শেষ৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটে গিয়েছে৷ ফলও প্রকাশ হয়ে গিয়েছে৷ কিন্তু পঞ্চায়েতের ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দীতায় শাসকদলের জয়লাভ নিয়ে বিরোধীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ায় সংশ্লিষ্ট আসনগুলির ভবিষ্যত ঝুলে রয়েছে অথৈ জলে৷ কারণ, এবিষয়ে সিপিএম ও বিজেপির করা মামলার জেরে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী আসনগুলিকে ‘উদ্বেগজনক’ বলে আগেই মন্তব্য করেছিল শীর্ষ আদালত৷ এবিষয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে মামলার শুনানি হওয়ার কথা৷ ফলে শীর্ষ আদালত সংশ্লিষ্ট আসনগুলিতে নির্বাচনের নির্দেশ দেয় কি না, তা নিয়ে আপাতত চায়ের কাপে তুফান উঠছে রাজ্য রাজনীতিতে৷

স্বভাবতই শঙ্কিত শাসকদল থেকে রাজ্য নির্বাচন কমিশন৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হওয়া আসনগুলিতে শীর্ষ আদালত পুনরায় মনোনয়ন ও নির্বাচনের নির্দেশ দিলে জটিলতা বাড়বে বই কমবে না৷ এমনকি মামলার শুনানি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে সংশ্লিষ্ট আসনগুলিতে অচলাবস্থা তৈরি হবে৷ ফলে শীর্ষ আদালতের নির্দেশ যাতে তাঁদের বিরুদ্ধে না যায়, তাই সময় থাকতেই আঁটঘাট বেঁধে দিল্লি যাওয়ার তোড়জোড় শুরু করেছেন কমিশন ও সরকারের দুঁদে আইনজীবীরা৷

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রাক্কালে শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল৷ স্বভাবতই, ‘ডিজিটাল ইন্ডিয়ার’ যুগে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কেন মনোনয়ন জমা দেওয়া যাবে না, সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল বিরোধীরা৷ আদালত সূত্রের খবর, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ইমেলের মাধ্যমে মনোনয়ন জমা দেওয়াকে বৈধ বলে ঘোষণাও করে৷ যদিও ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়ে মুখ পুড়েছিল কমিশনের৷ সুপ্রিমকোর্টে রীতিমতো ভর্ৎসণার মুখে পড়ে কমিশন৷ এমনকি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশও জারি করে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের তরফে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়, আদালতের অনুমতি ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৪ শতাংশ আসনের ফল ঘোষণা করা যাবে না৷ আগামী ৩ জুলাই, মঙ্গলবার এবিষয়েই শুনানি রয়েছে শীর্ষ আদালতে৷ সূত্রের খবর, মামলার রায়কে নিজেদের অনুকুলে আনতে মরিয়া রাজ্য সরকার ও নির্বাচন কমিশন৷ আগামী সোমবার দিল্লি যাচ্ছেন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্য এবং যুগ্ম সচিব শান্তনু মুখোপাধ্যায়৷ অন্যদিকে পুনর্নিবাচনের সপক্ষে সওয়াল করতে বিরোধীরাও তৎপর৷ রাজ্য নির্বাচন কমিশনের এক কর্তার কথায়, ‘‘ পঞ্চায়েত আইনের কথা তুলে ধরে আমরা শীর্ষ আদালতকে নির্দিষ্ট ফোরামের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে সুপ্রিম কোর্ট পক্ষে রায় দেয়। তবে শীর্ষ আদালত সব পক্ষকে হলফনামা জমা দিতে বললে জটিলতা বাড়বে৷’’

সূত্রের খবর, শুধু মনোনয়ন পর্বই নয়, ভোটের দিনও বীরভূম, মালদহ সহ সারা রাজ্যের একাধিক জেলার হিংসার ঘটনার ভিডিও ফুটেজ আদালতে দাখিল করতে পারে বিরোধীরা৷ সেক্ষেত্রে পঞ্চায়েত ভোটপর্ব যে অবাধ বা সুষ্ঠুভাবে হয়নি তা সহজেই আদালতের কাছে তুলে ধরতে পারেন বিরোধীরা৷ ফলে বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী হওয়া আসনগুলিতে ফের নির্বাচনের জন্য শীর্ষ আদালত নির্দেশ জারি করলে জটিলতা বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

এমনকি নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিংকেও পদ থেকে সরানোর জন্য আদালতে আবেদন জানিয়েছে সিপিএম৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক্ষেত্রে যদি শীর্ষ আদালত বিরোধীদের অভিযোগকে মান্যতা দিয়ে তাদের পক্ষে রায় দেয়, তাতে ভোট প্রক্রিয়া নিয়ে জটিলতা আরও বাড়বে৷ তবে কমিশনের পক্ষে নাকি বিপক্ষে রায় যায়- আপাতত সেই আলোচনাতেই মশগুল রাজ্য রাজনীতির কারবারিরা৷ তাঁদের মতে, বিনা প্রতিদ্বন্দীতায় জয়ী আসনগুলিতে শীর্ষ আদালত পুনরায় নির্বাচনের নির্দেশ দিলে তা হবে এরাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা৷

The post বিনা প্রতিদ্বন্দিতায় জেতা আসন নিয়ে কী রায় দেবে শীর্ষ আদালত? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KCJyFu

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez