Friday, July 12, 2019

সেরা দল কখনও কখনও পরাজিত হয়, বিরাটদের পাশে দাঁড়িয়ে জানালেন বাইচুং

নয়াদিল্লি: ১৩০ কোটির স্বপ্নভঙ্গের বেদনাকে সঙ্গী করে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। গোটা টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েও টিম ইন্ডিয়ার এমন বিদায়কে কেউ কেউ ‘অপ্রত্যাশিত’ বলছেন। আবার খাতায়-কলমে টুর্নামেন্টের ফেভারিট ভারতের সেমি থেকে বিদায়ে হতবাক অনেকে। ব্যতিক্রম দেশের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া।

টিম কোহলির পাশে দাঁড়িয়ে ‘পাহাড়ি বিছে’ জানালেন, ‘কখনও কখনও সেরা দল ম্যাচ জেতে না।’ বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালের দ্বিতীয় দিন বুধবার ওল্ড ট্র্যাফোর্ডের বাইশ গজে কিউয়িদের ২৪০ রান তাড়া করতে নেমে ভারতীয় দলে প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতা প্রকট হয়ে দেখা দেয়। সপ্তম উইকেটে ধোনি-জাদেজার ১১৬ রানের মূল্যবান পার্টনারশিপেও সেই ক্ষতিপূরণ সম্ভব হয়ে ওঠেনি। ১৮ রানে ম্যাচ হারতে হয় ভারতকে। এ প্রসঙ্গে বলতে গিয়ে পিটিআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজস্ব মতামত ব্যক্ত করেছেন দেশের জার্সি গায়ে ১০৭টি আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করা প্রাক্তন তারকা ফুটবলার।

বুধবার ম্যাচ শেষে বিরাট কোহলির কথায় ‘৪৫ মিনিটের খারাপ ক্রিকেটের’ প্রসঙ্গ টেনে বাইচুং জানান, ‘কোহলি এটাকে ৪৫ মিনিটের খারাপ ক্রিকেট ব্যাখ্যা করলেও আমরা যদি এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফের খেলি, তাহলে ১০ বারের মধ্যে ১০ বারই আমরা ওদের হারাবো। কিন্তু ওইদিন আমরা হেরে গিয়েছি, এটা খেলার অংশ। তার মানে এই নয় ভারত খারাপ দল।’ কোহলি ব্রিগেডকে সমর্থন জানিয়ে শুক্রবার একটি ফুটবল ইভেন্টে এমনটাই জানালেন ‘পাহাড়ি বিছে’। পাশাপাশি তাঁর আরও সংযোজন, ‘সেদিনের ম্যাচে সেরা দল ম্যাচ জিততে ব্যর্থ হয়েছে। কখনও কখনও এমন হয় যখন সেরা দল ম্যাচ জিততে পারে না। তবে আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

একইসঙ্গে ক্রিকেটকে আরও সার্বজনীন করার বিষয়ে আইসিসি’কে নজর দেওয়ার পরামর্শ দেন আন্তর্জাতিক কেরিয়ারে ৪২ গোলের মালিক। বাইচুংয়ের মতে, ‘আইসিসি-র উচিৎ ক্রিকেটকে আরও অন্যান্য দেশে ছড়িয়ে দেওয়া। আমরা ক্রিকেটে আরও দেশকে দেখতে চাই। এই বিশ্বকাপে আমরা স্টেডিয়ামগুলোতে বেশিরভাগ ভারত, বাংলাদেশ কিংবা পাকিস্তানের সমর্থকদেরই দেখতে পেলাম। আমরা আরও অন্যান্য দেশের সমর্থকদের ক্রিকেট স্টেডিয়ামে দেখতে চাই। ক্রিকেটের আরও প্রসার ঘটাতে হবে।’

The post সেরা দল কখনও কখনও পরাজিত হয়, বিরাটদের পাশে দাঁড়িয়ে জানালেন বাইচুং appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XNU6ns

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez