স্টাফ রিপোর্টার, বালুরঘাট: জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে বচসা। যা থেকেই চলল গুলি এবং কোপান হল ধারাল অস্ত্র দিয়ে। ওই ঘটনার জেরেই প্রাণ হারিয়েছে দুই ব্যক্তি এবং জখম হয় এক ব্যক্তি। আহত এবং নিহত সকলেই তৃণমূল নেতা বলে পরিচিত।
সোমবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের জোড়া খুনের ঘটনার তদন্তে নেমে এই তথ্য জানতে পেরেছে পুলিশ। গত কাল রাত ৯ টা নাগাদ গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া এলাকার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

হামলার শিকার তিনজনকেই গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেখানে দুই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও অপরজন এখনও জীবিত। তবে ওই তৃতীয় ব্যক্তির অবস্থা ভালো নয় বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।
এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে যে তথ্যগুলি উঠে এসেছে তা হলো স্থানীয় নন্দনপুর পঞ্চায়েত ও ঠ্যাঙাপাড়ায় নির্মিত তাঁত হস্ত শিল্প কেন্দ্রের কর্মী নিয়োগে কর্তৃত্ব নিজেদের হাতে রাখতে তৃণমূল কংগ্রেসের কালিপদ সরকার ও নুরুল ইসলাম গোষ্ঠীর লোকেদের মধ্যে কোন্দল বহুদিনের। ঠ্যাঙাপাড়া এলাকার নীলডাঙ্গা গ্রামে আয়োজিত বাউল উৎসবের আড়ালে চলা জুয়ার ঠেকের প্রায় চার লক্ষ টাকার ভাগাভাগি নিয়ে সেই কোন্দল চরমে ওঠে সোমবার।

ওই দিন পিস্তল বোমা ও ধারালো অস্ত্র নিয়ে নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়লেন কালি ও নুরুল গোষ্ঠীর লোকেরা। জখম অবস্থায় তিনজনকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরিতোষ ভৌমিক ও সৈদুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে প্রথম জন গুলির আঘাতে ও দ্বিতীয়জনের মাথায় ধারালো অস্ত্রের কোপে মারা গিয়েছেন। ঘটনায় সঞ্জয় সরকারের পায়ে গুলি লেগেছে। তার অবস্থা স্থিতিশীল। নীলডাঙার ঘটনায় ঠ্যাঙাপাড়াতেই বাড়ি তৃণমূলেরই কমল সরকার নামের একজনের নাম উঠে এসেছে।

পুলিশের আরও দাবি, কোন্দলের সূত্রপাত পঞ্চায়েতের কর্মী নিয়োগকে কেন্দ্র করে। যা চরম আকার নিয়েছে তাঁত হস্ত শিল্প কেন্দ্রে কোন পক্ষের লোকেরা নিয়োগ হবেন। এরকমই একের পর এক ঘটনার জেরে দক্ষিণ দিনাজপুরে শাসকদলের ক্ষমতাসীন গোষ্ঠীর লোকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। সোমবার রাতে গঙ্গারামপুর থানা এলাকার যে সংঘর্ষে সৈদুর রহমান ও পরিতোষ ভৌমিক নামের তৃণমূলের দুই কর্মী মারা গিয়েছে। জখমও হয় দলেরই সঞ্জয় সরকার নামের একজন।

এদিকে মঙ্গলবারই গঙ্গারামপুরের রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূলের কর্মী সম্মেলন। গোষ্ঠী দ্বন্দে জেরবার দক্ষিণ দিনাজপুরে দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। কোন্দল মিটিয়ে কোমর বেঁধে লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিতেই তাঁর এদিনের কর্মী সভা। সেই সভার ঠিক আগের রাতে দলীয় কর্মীরা নিজেদের মধ্যে জড়িয়ে খুনোখুনিতে জড়িয়ে পড়ায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন যে ঠ্যাঙাপাড়ার ঘটনায় এদিন সকাল পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। কি কারণে এই গোলাগুলি ও খুনের ঘটনা তা নিয়ে এখনও তদন্ত চলছে।

The post জুয়ার টাকা ভাগাভাগি নিয়েই বচসায় জড়ায় গঙ্গারামপুরের তৃণমূল নেতারা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2DF1gUq
No comments:
Post a Comment