কলকাতা২৪x৭: মৃতের সংখ্যাতে দুটি জায়গার দুর্ঘটনার তুলনা হয় না৷ তবে ভয়াবহতায় ৯ আগস্ট ১৯৪৫ নাগাসাকি এবং ১৯৮৪, ৩ ডিসেম্বরের ভোপালের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না৷ এবং কাকাতালীয়ভাবে দুটি ঘটনায়ই নাম জড়িয়েছিল আমেরিকার৷
১৯৪৫ সালের ৯ আগস্ট স্থানীয় সময় রাত ৩টা ৪৭ মিনিটে নাগাসাকিতে ‘ফ্যাট ম্যান’ নামের আনবিক বোমা বিস্ফোরণ করেছিল আমেরিকা৷ ঘুমের মধ্যেই মারা গিয়েছিলেন প্রায় ৪০,০০০ মানুষ৷ আর ৩ ডিসেম্বর ১৯৮৪ মধ্যরাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে(তখন নাম ছিল ভূপাল) মার্কিন মালিকানাধীন ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানার ভূর্গভস্থ ট্যাংক ফেটে বের হতে শুরু করে প্রায় ৪০ টন বিষাক্ত গ্যাস মিথাইল আইসোসায়ানেট।
ঘুমন্ত অবস্থায় কয়েকঘন্টার মধ্যে মারা যান হাজার হাজার মানুষ৷ বিষাক্ত গ্যাসের কবলে পড়েন প্রায় ৬ লাখ মানুষ৷ সোমবার ৩৪ বছর হল ভারতের এই ভয়ঙ্কর কালোদিনের৷ 
ওইদিন রাত ১২টা নাগাদ ভোপালের ইউনিয়ন কার্বাইড রাসায়নিক ফ্যাক্টরির প্ল্যান্ট নাম্বার সি’ থেকে গ্যাস লিক করে৷ দুর্ঘটনার পর তদন্ত করে জানা যায়, প্ল্যান্ট নাম্বার সি’তে জলের সঙ্গে মিথাইল আইসোসানাইট গ্যাস মেশানো হয়েছিল৷ মিশ্রণের কারণে গ্যাস ঘনীভূত হতে থাকে৷ একটা সময়ে গ্যাসের পরিমাণ এতটাই বেড়ে যায় যে ট্যাঙ্কে প্রবল চাপ তৈরি করে৷ এরপরই গ্যাস লিক করতে থাকে৷ বাতাসের মধ্যে সেই গ্যাস মিশে গিয়ে ভোপালের বহুলাংশে ছড়িয়ে পড়ে৷ মধ্য রাতে ঘুমের মধ্যে মারা যান হাজার হাজার মানুষ৷
সরকারি হিসেব অনুযায়ী সেই দুর্ঘটনায় ৩৭৮৭ জন মারা যান৷ যদিও বিভিন্ন সংগঠনের দাবি অনুযায়ী মৃত্যু সংখ্যা ১৫ হাজারের গন্ডি ছাড়িয়ে গিয়েছে৷ এছাড়া সেই দুর্ঘটনার জেরে শারীরিক ভাবে বিকলাঙ্গ হয়ে পড়েন বহু মানুষ৷ ২০০৬ সালে একটি হলফ নামায় তৎকালীন মধ্যপ্রদেশ সরকার জানায়, গ্যাস লিকের কারণে ৫ লক্ষ ৫৮ হাজার ১২৫ জন মানুষ অসুস্থ হয়ে পড়েন৷ যার মধ্যে ৩৯০০ জন আংশিক ও পুরোপুরিভাবে প্রতিবন্ধী হয়ে যান৷
এই গ্যাস দূর্ঘটনায় প্ল্যান্ট কর্তৃপক্ষের গাফিলতিও ধরা পড়ে৷ প্ল্যান্টের এলার্ম সিস্টেম ঘণ্টার পর ঘণ্টা অকেজো হয়ে পড়েছিল৷ ফ্যাক্টরি ম্যানেজারও কোন সতর্কতামূলক ব্যবস্থা নেননি৷ ১৯৮৪ সালে ভোপালের জনসংখ্যা ছিল ৮ লক্ষ ৫০ হাজার৷ আজকের ভোপালের মতো সেই সময় রাজধানীর পরিকাঠামো ব্যবস্থা বিশেষ উন্নত ছিল না৷
হাসপাতালের সংখ্যাও ছিল প্রয়োজনের তুলনায় কম৷ ডাক্তাররাও প্রথমে বুঝে উঠতে পারেননি এই রোগের কারণ ও তার চিকিৎসা কি? রাজধানীর দুটি সরকারি হাসপাতালে প্রথম দু’দিনে ৫০ হাজার মানুষ ভর্তি হন৷ পরে সরকারের তরফ থেকে দূর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে মোট ৭১৫ কোটি টাকার আর্থিক প্যাকেজের ক্ষতিপূরণ দেওয়া হয়৷ এই মর্মান্তিক ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই৷
The post ৩৪ বছর আগে নাগাসাকির সমান ক্ষতি হয়েছিল ভোপালে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2AIPZ2F
No comments:
Post a Comment