দেবযানী সরকার, কলকাতা: বাংলায় ক্ষয়িষ্ণু সংগঠনকে চাঙ্গা করতে রাহুল গান্ধীর ভরসা বার্ষিয়ান সোমেন মিত্র৷ বছর কুড়ি বাদ দায়িত্বে এসে ঘর গোছানোই এখন পাখির চোখ ছোড়দার৷ সেই লক্ষ্যেই প্রদেশে কংগ্রেসের নতুন কমিটির সঙ্গে বৈঠকে বসছেন নয়া সভাপতি সোমেন মিত্র৷ চলতি মাসেক ৯ তারিখ বেলা তিনটের সময় বিধান ভবনে হবে এই বৈঠক৷ প্রদেশ কংগ্রেসের হাল ধরে এটাই দলীয় নেতৃত্বের সঙ্গে ছোড়দার প্রথম মুলাকাত৷
শনিবার দিল্লির তুঘলক লেনের বাড়িতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন দলের সভাপতি রাহুল গান্ধী৷ সেখানেই তাঁর বার্তা, ‘‘সংগঠনকে শক্তিশালী করতে হবে৷’’ বৈঠকে ছিলেন প্রদেশে কমিটির ১১ জন সদস্যই৷ কিন্তু হাইকম্যান্ডের এই মনোভাব এবার নিজেই সহযোগীদের কাছে পৌঁছে দিতে চান সোমেনবাবু৷

একলা ভোটে লড়াই করলে কংগ্রেসের রণকৌশল কী হবে? কেন্দ্র ও রাজ্য সরকার বিরোধী আন্দোলনে কী কী কর্মসূচী নেওয়া হবে? এই সব বিষয় উঠে আসতে পারে বৈঠকে৷
আসন্ন লোকসভায় দল এককভাবে লড়বে না কোনও দলের সঙ্গে আসন সমঝোতা করবে৷ কয়েক দিন আগে পর্যন্ত এই ইস্যুতে আড়াআড়ি বিভক্ত ছিলেন বিধান ভবনের নেতারা৷ প্রাক্তণ প্রদেশ সভাপতি বামেদের সঙ্গে জোটের পক্ষে৷ আবার মালদহের সাংসদ ও প্রদেশ কমিটির সহ সভাপতি আবু হাসেম খান চৌধুরী ঝুঁকে তৃণমূলের দিকে৷ সোমেন মিত্র একলা লড়ায় বিশ্বাসী৷

যদিও এই দুই দলের সঙ্গেই হাত মেলানোর অভিজ্ঞতা সংগঠনের জন্য খুব একটা সুখকর হয়নি কংগ্রেসের৷ দলীয় সূত্রের খবর, দিল্লিতে বৈঠকে রাহুল গান্ধী বলেছেন, ‘‘বাংলার একা লড়াই করে কংগ্রেস যদি একটা আসনও না পায় তাতে অসুবিধা নেই! কিন্তু আত্মমর্যাদা বিসর্জন দিয়ে জোট হবে না, সংগঠনের আগে কোনও কিছুর অগ্রাধিকারও থাকবে না। তাই বাংলার কংগ্রেস আপাতত চাইছে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে৷’’ সভাপতির এই মন্তব্যই ৯ তারিখের বৈঠকে তরুপের তাস হবে ছোড়দার কাছে৷
প্রদেশ কংগ্রেস সভাপতির সোমেন মিত্র’র বক্তব্য, ‘‘পুজোর পরে এক দিন বাংলায় এসে রাজ্যের সর্বস্তরের পদাধিকারীদের সঙ্গে আলোচনা এবং কর্মী সম্মেলন করার অনুরোধ জানানো হয়েছে রাহুলজি’কে। কংগ্রেসকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।’’

রাজনৈতিক পর্যবেক্ষদের মতে, পোড় খাওয়া সোমেনবাবু জানেন গোষ্ঠী রাজনীতির জেরে সবাইকে দলের ‘একলা লড়াইয়ের’ অবস্থান স্পষ্ট করা সম্ভব নাও হতে পারে৷ তাই কংগ্রেস সভাপতিকে এনে বিষয়টি স্পষ্ট করতে চাইছেন তিনি৷ সংগঠনের স্বার্থে এক সূত্রে গাঁথতে চাইছেন দলের সব পক্ষকে৷
The post হাইকম্যান্ডের বার্তা পৌঁছতে বৈঠকের ডাক প্রদেশ কংগ্রেস সভাপতির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NQmwx7
No comments:
Post a Comment