স্টাফ রিপোর্টার, বর্ধমান: মেমারী কলেজের দাপুটে তৃণমূলের নেতা মুকেশ শর্মাকে অবশেষে শোকজ করলেন মেমারী কলেজের অধ্যক্ষ দেবাশীষ ভট্টাচার্য। জানা গিয়েছে, ২৬ জুন তিনি মুকেশ শর্মাকে শোকজনের চিঠি পাঠিয়েছিলেন৷ আগামী ২ জুলাইয়ের মধ্যে মুকেশ শর্মাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
মুকেশ শর্মা জানিয়েছেন, তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই শোকজের জবাব দেবেন। তবে কী কারণে তাঁকে শোকজ করা হয়েছে সেই বিষয়ে তিনি কিছু জানাতে চাননি। এমনকি কলেজ অধ্যক্ষও জানিয়েছেন, এটি কলেজের আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে তিনি কিছু বলবেন না।
উল্লেখ্য, সম্প্রতি কলেজের অধ্যক্ষ সহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের সঙ্গে অশালীন আচরণ, তাঁদের হুমকি দেওয়া, কলেজে দাদাগিরি প্রভৃতি একাধিক অভিযোগ আনা হয় মুকেশ শর্মার বিরুদ্ধে। কলেজের পঠনপাঠনের কোনও পরিবেশ নেই৷ এমনকি তাঁদের নিরাপত্তার দাবি তুলে এই বিষয়ে জেলা প্রশাসন, বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্মরণাপন্ন হন কলেজের অধ্যাপকরা। পরে মুকেশ শর্মার বিরুদ্ধে মেমারী থানায় এফআইআর দায়ের করা হয়। গ্রেফতারি এড়াতে রীতিমত দাপুটে এই নেতা গা ঢাকা দিয়ে থাকেন।
সম্প্রতি বর্ধমান আদালতে তিনি গ্রেফতারি এড়াতে আগাম জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। প্রায় ২৫ দিন কলেজে অনুপস্থিত থেকে জামিন পাওয়ার পর তিনি কাজে যোগ দেন। এরপরই কলেজ অধ্যক্ষ ওই ২৫ দিন কেন তিনি কলেজে আগাম কোনও কারণ না দেখিয়েই অনুপস্থিত ছিলেন তা জানতে শোকজ করেছেন। জানা গিয়েছে, কলেজ অধ্যক্ষ শোকজের চিঠিতে সরাসরি উল্লেখও করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে মুকেশ শর্মার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, কলেজের সামগ্রিক বাতাবরণকে অক্ষুণ্ণ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। যেহেতু কলেজে কোনও পরিচালন সমিতি নেই৷ তাই বর্ধমানে দক্ষিণের মহকুমা শাসক অনির্বাণ কোলেকে কলেজের প্রশাসক নিয়োগ করা হচ্ছে বলে জানা গিয়েছে। কলেজে কোনও ছাত্র সংসদের কমিটি না থাকায় এবং বর্তমানে ভরতি প্রক্রিয়া চলতে থাকায় কলেজ অধ্যক্ষ ছাত্রসংসদের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এই বিষয়ে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, আগামি মঙ্গলবার থেকে ভরতি প্রক্রিয়া শুরু হচ্ছে। এই সময়ে বহিরাগতরা এসে যাতে কোনও অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্যই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
শুধু মেমারী কলেজই নয়৷ বর্ধমান জেলার একাধিক কলেজে তৃণমূল নেতাদের দাদাগিরী, ভরতির জন্য টাকা আদায়ের অভিযোগ তুলেছে এসএফআই। শনিবার এসএফআই-এর জেলা সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী জানিয়েছেন, বর্ধমান রাজ কলেজ, বিবেকানন্দ কলেজ, শ্যামসুন্দর কলেজ, হাটগোবিন্দপুর কলেজ, গলসী কলেজ সহ একাধিক কলেজে তৃণমূলের নেতারা কলেজের বাইরে বসে রয়েছেন। কলেজে ভরতির জন্য তারা সরাসরি টাকা দাবি করছেন। মেধার পরিবর্তে অর্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ভরতি প্রক্রিয়া নিয়েও রীতিমত অস্বচ্ছতা ধরা পড়ছে।
The post মেমারী কলেজের তৃণমূলের নেতাকে শোকজ করল অধ্যক্ষ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2NcVj3H
No comments:
Post a Comment