পাটনা: কথায় বলে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়৷ সোজা পথে নির্দেশিকা জারি করেও বিহারে মদ বিক্রি পুরোপুরি বন্ধ করা যায়নি৷ আড়ালে আবডালে মদ বিক্রি হয়েই চলেছে৷ মদ বিক্রেতাদের সায়েস্তা করতে তাই নীতীশ কুমারের সরকার বাঁকা পথে মদ বিক্রি আটকাতে মরিয়া হয়ে উঠেছে৷
কী সেই পথ? মদ বিক্রি ঠেকাতে কাজে লাগানো হবে চারপেয়দের৷ এমনই সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার৷ এর জন্য ২০টি সারমেয়কে তেলেঙ্গানা থেকে উড়িয়ে আনা হবে৷ তাদের দেওয়া হবে কড়া প্রশিক্ষণ৷ বিহার সিআইডির অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ বিনয় কুমার জানিয়েছেন, তেলেঙ্গানার আইআইটিএ’তে নির্বাচিত সারমেয়দের প্রশিক্ষণ চলবে৷ এই প্রশিক্ষণ পর্বে তাদের গন্ধ শুঁকে অ্যালকোহল খুঁজে বের করার কায়দা শেখানো হবে৷ পরীক্ষা শেষে তাদের বিহারে নিয়ে আসা হবে৷
রাজ্যে মদ বিক্রি বদ্ধ করতে আদা জল খেয়ে নেমেছে রাজ্য সরকার৷ অনেক ভেবে সারমেয়দের দিয়ে মদ বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ এর পর খোঁজ শুরু হয় সারমেয়দের৷ বিনয় কুমার জানিয়েছেন, প্রথমে সেনা ও প্যারামিলিটারির কুকুর প্রশিক্ষণ শিবিরে যোগাযোগ করা হয়৷ গন্ধ শুঁকে অ্যালকোহল খুঁজে বের করতে পারে এমন সারমেয় সেখানে পাওয়া যায়নি৷
অনেক খোঁজ খবর করে শেষে তেলেঙ্গানাতে এমন ২০টি সারমেয়র হদিশ মেলে যাদের ‘প্রোফাইল’ দেখে পছন্দ হয় বিহার পুলিশের৷ বিনয় কুমার জানান, এই ২০টি সারমেয়কে ৮-৯ মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে৷ তেলেঙ্গানাতেই হবে প্রশিক্ষণ৷ প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের ফিল্ডে নামানো হবে৷
প্রাথমিকভাবে ঠিক হয়েছে এই ২০টি সারমেয়কে বিহার পুলিশের চারটি জোনে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে৷ পাটনা, মুজফফরপুর, দ্বারভাঙা ও ভাগলপুর জোনকে পাঁচটি করে প্রশিক্ষিত কুকুর দেওয়া হবে৷ আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হবে কাজ৷ যদি সাফল্য মেলে তাহলে আরও কুকুর নিয়ে আসা হবে তেলেঙ্গানা থেকে৷ জানিয়েছেন বিনয় কুমার৷
The post সাবধান! মদ খেলেই তাড়া করবে কুকুর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Juuoy8
No comments:
Post a Comment