ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির শীর্ষ প্রতিনিধি দল ভারতে গেলেন৷ দলের তরফে এমনই জানানো হয়েছে৷ বিবিসি জানাচ্ছে এই খবর৷ শনিবার জেল বন্দি দলনেত্রীর গুরুতর অসুস্থতার সংবাদে বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোড়ন ছড়ায়৷ তার কিছু পরেই বিএনপি জানাল,আসন্ন সাধারণ নির্বাচন, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দিল্লি গেছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।
এই দলে রয়েছেন বিএনপি-জামাত ইসলামি জোট সরকারের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খলেদা জিয়ার পুত্র তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির। বিএনপি সূত্রে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের আগে ভারতের প্রভাবশালী ব্যক্তিত্বদের মতামত জানতে এবং নিজেদের মত বিনিময় করতেই এই সফর৷
ভারতে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তাদের সঙ্গে সুসম্পর্ক বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামি লিগে জোট সরকারের৷ সম্প্রতি দিল্লি গিয়েছিলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিরা৷ তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয় বিজেপির শীর্ষ নেতৃত্ব ও ভারতের প্রধানমন্ত্রীর৷ এরপরেই পশ্চিমবঙ্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভবন উদ্বোধনের পর সেখানেই হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই বৈঠকে দুই রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক আরও জোরালো করার বিষয় প্রাধান্য পেয়েছে৷ তবে বহু প্রতীক্ষিত তিস্তা জলবন্টন চুক্তি এখনো সম্ভব হয়নি৷
এবার জাতীয় নির্বাচন ঘিরে নিরপেক্ষতার আর্জিতে সরব হয়েছে বিএনপি৷ তাদের অভিযোগ, গত জাতীয় নির্বাচনে তুমুল ভোট জালিয়াতি ও রিগিং করে ক্ষমতায় টিকে গিয়েছেন শেখ হাসিনা৷ সেই কারণে গত নির্বাচন বয়কট করে বিএনপি৷ তারপরেই বিএনপি- জামাত ইসলামির লাগাতার হিংসাত্মক আন্দোলনে বাংলাদেশে শতাধিক মানুষের মৃত্যু হয়৷ বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন জাতীয় নির্বাচনে আর কোনও ঝুঁকি নিতে চায়না বিএনপি৷ তাই ভারতে গিয়ে সেখানকার শীর্ষ রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা চালাতে তারা তৎপর৷
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি নেতারা জানিয়েছেন, ‘বিএনপি ভারতের কাছ থেকে এমন কোন কোন সাহায্য চায় না। তবে ভারত বিশ্বের অন্যতম বড় গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃত ও প্রতিষ্ঠিত। বাংলাদেশও একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক দেশ হতে চায়। এ কারণে বিএনপি চাইছে ভারত যেন বাংলাদেশের পাশে থাকে।”
The post হাসিনাকে চাপে রেখে সুষ্ঠু নির্বাচনের দাবিতে মোদীর দ্বারস্থ খালেদার দল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2LzQGiw
No comments:
Post a Comment