দেবযানী সরকার, কলকাতা: নেটওয়ার্কের সমস্যায় চতুর্থদিনের শুরুতেই ধাক্কা খেল ‘টক টু মেয়র’ অনুষ্ঠান। বারবার লাইন কেটে যাওয়ায় শুরুর ১০ মিনিট সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা শুনতেই পারলেন না মেয়র ফিরহাদ হাকিম। এই ঘটনায় রীতিমতো বিরক্ত হয়েছেন তিনি।
সাধারণ মানুষের সমস্যা শুনতে পয়লা জুলাই থেকে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। প্রতি বুধবার বিকেল চারটে থেকে পাঁচটা-এক ঘণ্টা নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলছেন তিনি।১৮০০৩৪৫১২১৩-এই টোল ফ্রি নম্বরটিতে ফোন করলে ফোন ধরছেন খোদ মেয়র। মন দিয়ে শুনছেন ১৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের রোজের সমস্যার কথা।

রুটিন অনুযায়ী বুধবার নাগরিকদের ফোনকল নেওয়ার কথা মেয়রের। তাই এদিন আগে থেকেই কনফারেন্স রুমে হাজির হয়ে গিয়েছিলেন বিভিন্ন বিভাগের অফিসাররা। পরে পুর কমিশনার এবং মেয়র সেখানে যোগ দেন। বিকেল চারটে বাজতেই একের পর এক ফোনকল আসা শুরু হয়। মেয়র ও কলগুলি নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কথা বলতে গেলেই লাইন কেটে যায়। একটু বিরক্ত হয়ে বেরিয়ে যান ফিরহাদ হাকিম। ১০ মিনিট পর ফিরে এসে ফের কল নেওয়া শুরু করেন। কিন্তু তারপরও অনুষ্ঠানের মাঝে কল ড্রপের সমস্যা দেখা গিয়েছে।
এদিন একাধিকবার মেয়রকে অফিসারদের বলতে শোনা গিয়েছে, “বিএসএনএল-এর লাইন খুব পচা, এটা ছেড়ে দিন।”
এদিন ৩৫টি কল রিসিভ করেছে মেয়র। গতসপ্তাহে ৪৪টি ফোন এসেছিল তাঁর কাছে। গত তিন সপ্তাহের মতো এদিনও বিপদজনক বাড়ি, পানীয় জল ও নিকাশির সমস্যার কথা নাগরিকদের থেকে শুনেছেন মেয়র। দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। পরে সংবাদমাধ্যমকে ফিরহাদ হাকিম বলেন, “প্রমোটারদের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে। তেমন হলে বাড়াবাড়ি করলে বিল্ডিং প্ল্যান বাতিল করে দেওয়া হবে।”
এদিন অন্য জেলা থেকেও ভিন্ন ভিন্ন সমস্যা নিয়ে মেয়রকে ফোন করেছিলেন অনেকে। তাঁদেরকে নিজের ব্যাক্তিগত নম্বর দিয়েছেন মেয়র। সেই নম্বরে এসএমএস করে সমস্যার কথা জানাতে বলেছেন।
The post কল ড্রপে জেরবার ‘টক টু মেয়র’, BSNL ছাড়তে চান বিরক্ত ফিরহাদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Lpn9w7
No comments:
Post a Comment