বর্ধমান: বিজেপিতে যোগ দান করলেন বহু নেতা কর্মী। শনিবার বর্ধমানের কার্জনগেট চত্বরে সদস্য সংগ্রহ অভিযানে প্রায় ২০০০ জন বিজেপিতে যোগদান করেন। এর মধ্যে রয়েছেন গুসকরা পুরসভার বিদায়ী তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল গড়াই।
এছাড়াও আছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপিকা সঙ্গীতা সান্যাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থকরা। এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর চঞ্চল গড়াই জানিয়েছেন, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করলেও যোগ্য সম্মান না পাওয়ার কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, এর আগেই চঞ্চলবাবুর মেয়ে দেবযানী গড়াই বিজেপিতে যোগ দিয়েছেন এবং তিনি বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রীও। বেশ কিছুদিন ধরেই চঞ্চলবাবুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে চাপান উতোর চলছিলই। গুসকরাতেই বিজেপির একটি পক্ষ তা নিয়ে বিক্ষোভও দেখান। কিন্তু অবশেষে শনিবার তিনি বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন।
এদিন এসএস আলুওয়ালিয়া জানিয়েছেন, যাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা নিজেদের কর্মদক্ষতার ওপর দলের কাছে সম্মান পাবেন। এদিনের এই কর্মসূচিতে ছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, বিজেপি নেতা রীতেশ তেওয়ারি সহ বর্ধমান জেলা বিজেপির সভাপতি সন্দীপ নন্দী প্রমুখরা। সন্দীপ নন্দী জানিয়েছেন, এদিন জেলার প্রতিটি বুথেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিজেপির এই সদস্যপদ গ্রহণ অভিযান চলবে আগামী ১১ আগষ্ট পর্যন্ত।
এদিনই কোলাঘাটে তৃণমূল, সিপিএম ও কংগ্রেস থেকে প্রায় শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করেন। নবাগত কর্মী-সমর্থকদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি নেত্রী ভারতী ঘোষ ও তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি নবারুণ নায়ক। কোলাঘাট, হলদিয়া, তমলুক, নন্দকুমার থেকেও বহু মানুষ বিজেপিতে যোগদান করেন। এ দিন প্রাক্তন পুলিশ সুপার তথা রাজ্য বিজেপি নেত্রী ভারতী ঘোষ বলেন, “পুলিশকে সামনে রেখে শিখণ্ডীর মতো এই তৃণমূল সরকার চলছে। একদিন পুলিশকে তুলে দিল এই সরকার পড়ে যাবে। আমাদের কাউকে প্রয়োজন নেই।
অন্যদিকে, পানিহাটির উসুমপুর বটতলা এলাকায় শনিবার কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান প্রক্রিয়া চলে। কিভাবে একটি মোবাইল নম্বরে মিসড কল দিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়া যায়, এদিন তা দলীয় সমর্থকদের কাছে ব্যাখ্যা করেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ।
The post প্রায় ২০০০ নেতা-কর্মী যোগ দিলেন বিজেপিতে, রয়েছেন তৃণমূল কাউন্সিলরও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2YEqnP2
No comments:
Post a Comment