নয়াদিল্লি ও কলকাতা: বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত হবিবুর রহমানকে। এবার জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এই জঙ্গিকে জেরা করে ৫টি শক্তিশালী ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) হদিশ পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।সে জানায় পশ্চিমবঙ্গে একাধিক ধর্মীয় স্থানকে টার্গেট করা হয়েছে৷
তল্লাশি চালিয়ে সেই সঙ্গে একটি টাইমার ডিভাইস, ইলেক্ট্রিক সার্কিট, বিস্ফোরক এবং দেশীয় কায়দায় রকেট তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। রবিবার বেঙ্গালুরুর উত্তরে সোলাদেবেনাহাল্লি থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই সমস্ত জিনিসপত্র।
২০১৪ সালের ২ অক্টোবর পূর্ব বর্ধমানের (তখন বর্ধমান জেলা) সদর শহর বর্ধমানের উপকণ্ঠে খাগড়াগড়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার একটি বাড়িতে বিস্ফোরণ হয়৷ প্রাথমিকভাবে সেটি দুর্ঘটনা মনে হয়৷ পর তদন্তে উঠে আসে পশ্চিমবঙ্গকে ভিত্তি করে বাংলাদেশি জঙ্গি সংগঠন জেএমবি তৎপরতার কথা৷ জানা যায় বাংলাদেশে অস্থিরতা তৈরি ও সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের ছক করেছিল জেএমবি৷
সেই ঘটনার অনেকেই নিহত বা ধৃত৷ তবে অন্যতম চক্রী হাবিবুর৷ মঙ্গলবার এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এনআইএ। তারা জানিয়েছে, এ রাজ্যের কয়েকটি ধর্মীয় স্থানে হামলার ছক করছিল হবিবুর। এই হামলায় প্রয়োজনীয় আইইডি এবং অন্যান্য জিনিস তৈরি করে মজুত রাখাই ছিল হাবিবুরের ভূমিকা। ধুলিয়ান এবং মালদহ মডিউলের বাকি সদস্যরা সেই হামলার জিনিসপত্র নিয়ে গিয়ে অপারেশন করত।
হবিবুরকে গ্রেফতার করার পরেই তাকে জেরা করে গোয়েন্দারা। তখনই তার ডেরা থেকে কিছু দূরে রেললাইনের ধারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে আরও দুটি আইইডি-র হদিশ পেয়েছিলেন গোয়েন্দারা। গোয়েন্দারা জানিয়েছেন, স্টিলের লম্বা ক্যানকে আইইডি-র কন্টেনার হিসাবে ব্যবহার করে হবিবুর শক্তিশালী হ্যান্ড গ্রেনেড তৈরি করেছিল। যদিও ওই হ্যান্ড গ্রেনেডের নির্মাণ কৌশল খাগড়াগড়ে পাওয়া হ্যান্ড গ্রেনেডের থেকে আলাদা।
বেঙ্গালুরুতে পাওয়া গ্রেনেডগুলি আরও উন্নত মানের। যার সঙ্গে মাওবাদীদের তৈরি আইইডির অনেক মিল রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা। তবে মাওবাদীরা যে কায়দায় আইইডিকে সক্রিয় করে থাকে তার সঙ্গে এর পার্থক্য রয়েছে। হবিবুরকে জেরা করে পাওয়া গ্রেনেডগুলিতে পিন রয়েছে, তার সঙ্গে লাগানো রয়েছে আংটা। অর্থাৎ আংটা টেনে পিন খুলে নিলেই সক্রিয় হত আইইডিগুলি। এছাড়াও পাওয়া গিয়েছে, আরপিজি বা রকেট প্রপেলড গান তৈরির সরঞ্জাম।
গোয়েন্দাদের ইঙ্গিত, ধৃত হবিবুর জেরায় এখনও তাদের হামলার লক্ষ্য সম্পর্কে স্পষ্ট করে কোনও তথ্য দেয়নি। তবে সে জেরার মুখে বারবার এ রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এবং রাজনৈতিক সমীকরণ বদলের কথা বলেছে। তাকে জেরা করে আল কায়দার বাংলা ভাষায় প্রচারের কিছু নমুনা পাওয়া গিয়েছে। সেই সমস্ত দেখে গোয়েন্দাদের সন্দেহ, এ রাজ্যে কোনও ধর্মীয়স্থানে হামলা করে জামাতুল মুজাহিদিন হিন্দকে সামনে আনার পরিকল্পনা করা হয়েছিল।
অন্যদিকে, গোয়েন্দাদের দাবি, বুদ্ধগয়া বিস্ফোরণের সঙ্গে যুক্ত জামাতুল মুজাহিদিন হিন্দের ধুলিয়ান মডিউলের অধিকাংশ সদস্যই গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের এসটিএফের হাতে। তাহলে নতুন হামলা কাদের দিয়ে করানোর ছক কষেছিল হবিবুর? সেক্ষেত্রে তাঁদের সন্দেহ, ধুলিয়ান মডিউল প্রকাশ্যে চলে আসায় নতুন একটি মডিউল তৈরি করেছে সালাউদ্দিন। সেই মডিউলের সদস্য কারা সেটাই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
The post খাগড়াগড় বিস্ফোরণ: ধৃত হবিবুর জানিয়েছে রাজ্যে একাধিক ধর্মীয় স্থান টার্গেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XDmUnC
No comments:
Post a Comment