Sunday, July 14, 2019

কাটমানি নিয়ে বিজেপির ‘বাড়াবাড়ি’ রুখতে সংসদে হেস্তনেস্ত চাইবে তৃণমূল

কলকাতা: কাটমানি ইস্যুতে আজ, সোমবার উত্তপ্ত হতে চলেছে সংসদ৷ তৃণমূল সাংসদরা এদিন জিরো আওয়ারে এব্যাপারে সরব হচ্ছেন বলে খবর৷

কাটমানি নিয়ে যখন উত্তাল রাজ্য-রাজনীতি৷ গ্রাম-মফস্বলে শাসক নেতাদের বাড়িতে রোজ চলছে বিক্ষোভ৷ এমনকী জনতার চাপে কোথাও কোথাও টাকা ফেরত দিতেও শুরু করেছেন তৃণমূল নেতারা৷ বিধানসভায় তো বটেই, লোকসভাতেই কাটমানি নিয়ে তৃণমূলকে নাস্তানাবুদ করছেন বিজেপি সাংসদরা৷ ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কাটমানি নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে৷

তৃণমূল নেতাদের বক্তব্য, লোকসভাকে পশ্চিমবঙ্গের বিধানসভা বানিয়ে ফেলার চেষ্টা করছেন এরাজ্যের বিজেপি সাংসদরা৷ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ২ জুলাই থেকে শুরু করে আজ পর্যন্ত চলতি অধিবেশনে লোকসভায় লিখিত প্রশ্নে ৪ বার এবং রাজ্যসভায় ৬ বার কথা উঠেছে পশ্চিবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে। বারবার বিজেপি সাংসদেরা নানা ভাবে বিষয়টি তুলেছেন। অভিযোগ জানিয়ে দু’বার স্পিকারকে চিঠি দিয়েছে তৃণমূল৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, সম্প্রতি স্পিকার পশ্চিমবঙ্গ বিজেপির কিছু সাংসদকে ডেকে বলেছেন, অধিবেশনে রাজ্যের আইন শৃঙ্খলার মতো বিষয় না তুলতে।

স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টের ব্যাপারে লোকসভার দলনেতা বলেন, ‘যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অথবা কোনও প্রতিমন্ত্রীও চিঠি লিখতেন, তা হলেও না হয় একটা কথা ছিল। কিন্তু মন্ত্রকের আন্ডার সেক্রেটারির তরফ থেকে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে! এমন ঘটনা নতুন নয়।’’

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ থেকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রত্যেকেই কাটমানি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সংসদে দাঁড়িয়ে আক্রমণ করেছেন৷ এর আগের দিন, লকেটের একটি মন্তব্য নিয়ে হইচই পড় যায় সংসদে৷ তিনি বলেন, কাটমানির ২৫ শতাংশ টাকা তৃণমূল নেতাদের কাছে আছে আর বাকি ৭৫ শতাংশ টাকা কালিঘাটে রয়েছে৷ তৃণমূলের অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংসদে উপস্থিত নেই। তাঁর বিরুদ্ধে এই রকম অভিযোগ তোলা সংসদীয় রীতি বিরোধী।

কিন্তু বিজেপিও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সুদীপের বক্তব্যের প্রতিবাদে হইচই জুড়ে দেন রাজ্যের বিজেপি সাংসদরা। শুরু হয় বাদানুবাদ, হই হট্টগোল। কিন্তু রাজ্যের ইস্যু নিয়ে সংসদে হই-হট্টগোল যে অশোভন তা বোঝাতে অধ্যক্ষ ওম বিড়লা বলেন, ‘‘এটা পশ্চিমবঙ্গ বিধানসভা নয়।’’যদিও বিজেপি সাংসদদের থামানো যায়নি৷ আজ এব্যাপারে একটা হেস্তনেস্ত চাওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল৷

The post কাটমানি নিয়ে বিজেপির ‘বাড়াবাড়ি’ রুখতে সংসদে হেস্তনেস্ত চাইবে তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2LXV1jb

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez