Tuesday, May 28, 2019

প্রতিবন্ধকতাকে কাটিয়ে দশম স্থানে বর্ধমানের সাগর

স্টাফ রিপোর্টার, বর্ধমান (পূর্ব বর্ধমান) : বর্ধমানের সাগর চন্দ৷ এবার উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দশম স্থান অধিকার করেছে। বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের ছাত্র সাগর চন্দের প্রাপ্ত নম্বর ৪৮৬। শতাংশের হিসেবে ৯৭.২।

তবে অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে কিছুটা আলাদা সাগর৷ বিশেষ ভাবে সক্ষম সে। কিন্তু সেটা তার একমাত্র পরিচয় কোনওভাবেই নয়৷ কারণ নিজেকে আলাদা করে দেখতে রাজি নয় সে৷

জন্মের পর থেকেই ডান পা একটু ছোট হলেও কিংবা স্বাভাবিক চলাফেরায় তার অসুবিধা হলেও কোনোভাবেই আর পাঁচটা সাধারণ ছেলেমেয়ের থেকে সে কম কিছুতেই নয়। আর তাই আক্ষরিক অর্থেই সে বিশেষভাবে সক্ষম হলেও সে নেয়নি কোনোরকম সরকারী সুযোগ সুবিধা। এমনকি প্রতিবন্ধকতা নিয়েও সে চায়না কোনোরকম সুযোগ সুবিধা নিতে। তাতে বাসে ট্রেনে যেখানেই হোক না কেন – একেবারেই সাধারণ যাত্রীদের মতই সে যাতায়াত করে।

সাগরের মা জয়শ্রী চন্দ জানিয়েছেন, মাধ্যমিকে মাত্র ২ নম্বরের জন্য সাগর দশম স্থান অধিকার করতে পারেনি। সেই আক্ষেপ তার মধ্যে ছিলই। উচ্চমাধ্যমিকে দশম স্থান পাওয়ায় খুশী মা এবং রেলে কর্মরত বাবা তাপস কুমার চন্দ। সোমবার যখন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে সেই সময় সাগর দুর্গাপুরে আইআইটির এ্যাডভান্স পরীক্ষা দিতে গেছে।

মা জয়শ্রী চন্দ জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ি দক্ষিণ দামোদরের সগড়াই গোপালপুরে। কিন্তু ছেলের পড়াশোনার জন্যই তাঁরা বর্ধমানের শাঁখারীপুকুরে বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাবা মায়ের একমাত্র ছেলে সাগর।

বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী সাগরের এই ফলাফল সম্পর্কে জানিয়েছেন, সাগর মনের জোরে সব প্রতিবন্ধকতা জয় করেছে। বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে রাজ্যে সাগর প্রথম। তবুও চায় না ওটা তার পরিচয় হোক। তার ইচ্ছা দশম স্থান পেয়েছে এটাই সকলে বলুক বা এটাই হোক তার পরিচয়। তিনি জানিয়েছেন, স্কুলের একতলা বা দোতলা যেখানেই হোক, যাতায়াতে ওর কোন সমস্যা হলেও সেটাকে সে কোনোদিনই গুরুত্ব দেয়নি।

জয়শ্রীদেবী জানিয়েছেন, সাগর চায় না তার শারীরিক প্রতিবন্ধকতাটা সামনে আসুক। বরং তার মেধা বা পড়াশোনা নিয়ে আলোচনা হোক। সাগর আর পাঁচটা ছেলেমেয়েদের থেকে কোন ক্ষেত্রেই আলাদা নয়। তিনি জানিয়েছেন, ৯জন গৃহশিক্ষক ছিল তার। দিন নয় প্রতিদিন রাত্রি ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত ছিল তার পড়ার সময়। পরিবর্তে দুপুরে সে ঘুমাতো। একেবারে নিরিবিলিতেই সে পড়ত। সাগর চায় ভবিষ্যতে পদার্থবিদ্যা নিয়ে গবেষণা করতে।

The post প্রতিবন্ধকতাকে কাটিয়ে দশম স্থানে বর্ধমানের সাগর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2I2rvoM

No comments:

Post a Comment

Dasna temple priest Yati Narasinghanand released from jail

from India | The Indian Express https://ift.tt/pciraez