স্টাফ রিপোর্টার, মেদিনীপুর: ফের জালিয়াতির শিকার এক গৃহবধূ৷ পাঁচ দফায় খোয়ালেন মোট ২৩ হাজার টাকা৷ প্রতারিত গৃহবধূর নাম মমতা মাইতি৷ ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার খেঁজুরবেড়িয়া গ্রামে৷ ঘটনাটি প্রকাশ্যে আসতে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷
মমতা দেবী জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁর দেওর প্রহ্লাদ মাইতির কাছে একটি ফোন আসে৷ যিনি ফোন করেছিলেন তিনি নিজেকে একজন ব্যাংক আধিকারিক বলে দাবি করেন৷ তিনি প্রহ্লাদ বাবুকে জানান যে প্রহ্লাদ বাবুর ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে৷ তার জন্য তাঁকে অ্যাকাউন্ট নম্বর ও এটিএম নম্বর দিতে হবে৷
প্রহ্লাদ বাবু পালটা জানান যে তাঁর কোনও এটিএম নেই৷ তখন ফোনের ওপার থেকে ব্যাংক আধিকারিক বলে দাবি করা ব্যক্তি বলেন বাড়িতে যার এটিএম আছে তাঁর এটিএম নম্বর দিতে৷ তখন প্রহ্লাদ বাবু তাঁর বৌদি মমতা মাইতি অ্যাকাউন্ট নম্বর ও এটিএমের নম্বর দিয়ে দেন৷ ব্যাংক আধিকারিক বলে দাবি করা ব্যক্তির নির্দেশ মত প্রহ্লাদ বাবুর পরিবার সব করে৷ এই ঘটনার কিছু সময় পর মমতা দেবীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ টি দফায় যথাক্রমে ৪৯৯৯, ৩৯৯৯, ১৯৯৯, ১৯৯৯ ও ৯৯৯৯ টাকা তুলে নেওয়া হয়৷
এরপর মমতা দেবী ব্যাংকে যোগাযোগ করেন৷ ব্যাংক কর্তৃপক্ষ জানায় এই ধরনের কোনও ফোন ব্যাংক থেকে করা হয়নি৷ এই শুনে মমতা দেবীর বুঝতে অসুবিধা হয়নি যে তিনি প্রতারিত হয়েছেন৷ তাঁর ব্যাংক অ্যাকাউন্টে মোট ২ লক্ষ ৯৮ হাজার ৮৩৪ টাকা ছিল৷ প্রতারকরা বাকি টাকা তুলে নেওয়ার আগেই ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্ট নম্বরটি বন্ধ করে দেয়৷
পরিবারের পক্ষ থেকে নন্দকুমার থানায় অভিযোগ করা হয়৷ সেখানে পুলিশ তাঁদের বলে জেলা সাইবার সেলে যোগাযোগ করতে৷ সেই মত পরিবারের লোকেরা তাদের টাকা ফেরৎ পাওয়ার আশায় জেলা সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করছে৷ পুরো বিষয়টি জেলা সাইবার সেলের কর্মীরা খতিয়ে দেখছে৷ রাজ্যজুড়ে গ্রাহকদের সচেতন করার জন্য নানা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে৷ তা সত্ত্বেও প্রতারকদের ফাঁদে পা দিয়ে টাকা খোঁয়াচ্ছেন গ্রাহকরা৷
এর আগেও বহুবার ব্যাংক জালিয়াতি খবরের শিরোনামে উঠে এসেছে৷ তা সত্ত্বেও গ্রাহকরা সাবধান হচ্ছে না৷ এর আগে ব্যংক জালিয়াতির কারণে উত্তর হাওড়ার সালকিয়া চৌরাস্তা মোড়ে যুব কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখায়৷ রাস্তা অবরোধ করে বিক্ষোভের পাশাপাশি নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে তাঁরা৷
The post এটিএমের পিন দিতেই পাঁচ দফায় খোয়া গেল ২৩ হাজার টাকা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xYPenQ
No comments:
Post a Comment